দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ‘ডিপিআই ৬০ বছর উদযাপন কমিটি’র উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ নিবন্ধনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমীন এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি প্রকৌশলী মোঃ নূরুল হুদা।
’ডিপিআই ৬০ বছর উদযাপন কমিটি’র আহ্বায়ক এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মোঃ মুসলেম উদ্দিন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান সোহেল এবং সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য আহ্বান জানানো হয়।

স্টাফ রিপোর্টার 



















