ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি ‘হোন্ডা এক্সব্লেড’ মোটরসাইকেলও জব্দ করা হয়।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজির হোসেন (৫৫) এবং তাঁর স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮)। নাজির হোসেন রাউতনগর (মিশনপাড়া) গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় হরিপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মোটরসাইকেল নিয়ে নাজির হোসেন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। পরে নিয়ম অনুযায়ী তল্লাশি চালিয়ে নাজির হোসেনের হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরবর্তীতে তাঁর স্ত্রী নাজমা বেগম সেখানে উপস্থিত হলে তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নাজির হোসেন ও তাঁর স্ত্রী নাজমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে হরিপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। এই মাদক কারবারে নাজমা বেগম অর্থের জোগান, পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ সহযোগিতা করতেন।
এ ঘটনায় জড়িত একটি বড় চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়ে পুলিশ জানায়, মাদক সরবরাহকারী, সহযোগী ও ক্রেতাসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত। মাদকের মূল উৎস এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত নাজির হোসেন ও নাজমা বেগমের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসা, পরিবহন বা আস্তানা সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















