আজ ৪ এপ্রিল শনিবার সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলের এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিওয়াইএলসি’র সিগনেচার লিডারশিপ প্রোগ্রামের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে ।
দি এমব্যাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস এর সহযোগিতায় এই লিডারশিপ প্রোগ্রামে সর্বমোট ১৪০ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর বিল্ডিং ব্রিজেস শ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) প্রোগ্রামের ৫৯ তম ব্যাচ এবং বিল্ডিং ব্রিজেস শ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) প্রোগ্রামের ৫৩ তম ব্যাচের সার্টিফিকেট প্রদান করা হয় ।
বিগত ১৭ বছরে বিওয়াইএলসি অসংখ্য তরুণকে মূল্যবোধ, নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে চলছে। বিওয়াইএলসি’র এসকল প্রশিক্ষণের মধ্যে অন্যতম হলো বিল্ডিং ব্রিজেস স্ক্র লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) এবং বিল্ডিং ব্রিজেস গ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) যেখানে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব চর্চার তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণাগুলো অর্জনের পাশাপাশি তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সমাজসেবামূলক প্রকল্প নিয়ে কাজ করে। শিক্ষার্থীরা কমিউনিটিতে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের সাড়ে ৮ হাজারেরও অধিক মানুষকে সেবা প্রদান করে।
ময়মনসিংহ অঞ্চলের ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা মাধ্যম থেকে নির্বাচিত মোট ১৪০ জন শিক্ষার্থী ৭ সপ্তাহ এবং ৪ সপ্তাহ ব্যাপী যথাক্রমে বিবিএলটি ও বিবিএলটিজে নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে বিওয়াইএলসি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এসকল শিক্ষার্থীদের হাতে তাঁদের সনদপত্র তুলে দিতে আয়োজিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সমাজসেবকসহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজা মোঃ গোলাম মাসুম প্রধান । বিওয়াইএলসি’র সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “বিওয়াইএলসি’র পথচলা আমাদের স্মরণ করিয়ে দেয় অটল থাকা, থেমে না যাওয়া, আমরা আমাদের জীবনের গল্পে পরিবর্তন আনতে পারি স্বপ্ন দিয়ে, সাহস দিয়ে, এবং এর দ্বারা সফল হতে পারি। কিন্তু যেই সফলতা সমাজের ক্ষতি করে, তিনি সেই সফলতা চান না । তিনি গ্র্যাজুয়েটদের সফলতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য অনুপ্রেরণা দেন। শিক্ষা দ্বারা নিজেকে ঝালাই করে এমনভাবে গঠন করতে বলেন যেন নিজেদের কাজের মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরা যায়।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ হারুন-অর-রশীদ ।
উল্লেখ্য, উক্ত দুটি প্রোগ্রামে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এবং ময়মনসিংহ সদরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আফরোজ খান মডেল স্কুল, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এবং আল-আরাবীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মোঃ আলী আশরাফ, ডেপুটি ম্যানেজার আকিব বিন হুসাইন সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

ময়মনসিংহ প্রতিনিধি 













