নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন।
গত বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত সোমা আক্তার গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তার দেড় বছরের একটি শিশুসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের নুর ইসলামের সঙ্গে প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে শাহীন ও বাবুল তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে গেলে নুর ইসলামের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্যে ৯ জনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সাতজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুর ইসলাম পক্ষের সোমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

হারাধন সূত্রধর:পূর্বধলা,নেএকোণা প্রতিনিধি 




















