গত ১লা মার্চ, ২০২৬ ইং রবিবার বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ইরানে মার্কিন-ইজরায়েলের নির্মম অগ্রাসন ও আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার কমিটি, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী ফরিদের সভাপতিত্বে ও সদস্য আবুবকর সিদ্দিক রুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন লেখক ও এক্টিভিস্ট আবুল কালাম আল আজাদ, ইমতিয়াজ আহমেদ, দেবব্রত সাহা, সীমান্ত জসীম, ছাত্রনেতা জাবের ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ইরানে মার্কিন-ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা বলেন,“দীর্ঘ দিন ধরেই আমেরিকা ইরানে একটা হামলার প্রস্তুতি নিচ্ছিলো। এর আগেও তারা ইরানে অন্যায়ভাবে হামলা করেছিলো। এবারের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনী ও একটি বালিকা বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী-শিক্ষকসহ অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে। সারা পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনে মানবিকতা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জাতিসংঘের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই। মধ্যপ্রাচ্যের তেল সম্পদসহ বিশ্ববাণিজ্যের একতরফা আধিপত্য কায়েম করতে সকল প্রকার আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এর আগে মার্কিন বাহিনী অগণতান্ত্রিকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তানসহ লাতিন আমেরিকার প্রায় সকল দেশেই সাম্রাজ্যবাদী আমেরিকার সন্ত্রাসবাদ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। সারা পৃথিবীর সকল দেশপ্রেমিক মানুষকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
পরিশেষে বক্তারা মার্কিন সাম্রাজ্যবাদকে রুখতে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ ও বিশ্বের সকল বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

ময়মনসিংহ প্রতিনিধি 














