রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।গত সোমবার (১৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসসিসি প্রশাসক ঈদগাহের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান যে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত নিশ্চিত করতে পুরো প্যান্ডেলজুড়ে পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির ব্যবস্থা করা হয়েছে।
জাতীয় ঈদগাহের প্যান্ডেলের ভেতরে প্রায় ১৪০ জন মুসল্লি একসঙ্গে অজু করার সুবিধা পাবেন এবং প্রবেশপথসহ ময়দানের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও সচল থাকবে।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্যান্ডেলে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য ৪টি পৃথক ফটক এবং বের হওয়ার জন্য ৭টি ফটক নির্মাণ করা হয়েছে। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সার্বক্ষণিক সক্রিয় থাকবে।
প্রশাসক মো. আবদুস সালাম আরও জানান যে, এই জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের স্বার্থে মুসল্লিদের কোনো প্রকার ধারালো সরঞ্জাম বা দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রশাসক নগরবাসীকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঈদগাহের এই সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য উদাত্ত আহ্বান জানান।

ডিজিটাল রিপোর্ট 



















