রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতায় গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী। তিনি জানান, অস্ত্রোপচারের আগে ডা. মিতু প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। সংকটময় সময়ে রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন।
ফুসফুসে সংক্রমণ থাকায় আপাতত তার কেবিনে কোনো দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গত দুই দিন তাকে আইসিইউতে নেওয়ার পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আপাতত তা প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের ধারণা, সুস্থ হতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।
ডা. মিতুর স্বামী দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং এই কঠিন সময়ে পরিবারের জন্য সবার সহমর্মিতা কামনা করেছেন।

ডিজিটাল ডেস্ক 













