উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মঙ্গলবার (১৮ আগস্ট) খুলনায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জেলা প্রশাসক এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, “সাংবাদিকরা সার্বক্ষণিকভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে ব্যস্ত থাকেন। পেশাগত কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলার মতো বিনোদনমূলক ও শরীরচর্চামূলক কার্যক্রম সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এ ধরনের আয়োজন গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতাটি ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, গণমাধ্যমকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো মাঠে তাদের সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে খেলা শুরু হলে দলগুলোর মধ্যে প্রাণবন্ত প্রতিযোগিতা দেখা যায়। টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাংবাদিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।সংশ্লিষ্টদের মতে, খুলনা প্রেসক্লাবের এ আয়োজন সাংবাদিকদের ব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগানোর পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

স্টাফ রিপোর্টার 
























