আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া পূজামণ্ডপ ও লাহিড়ী কালীবাড়ি পূজামণ্ডপসহ আশপাশের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। একই সাথে মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মো. আলমগীর রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), থানা পুলিশ এবং আনসার-ভিডিপির সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে এ উৎসব উদযাপন করব।”
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত তদারকি ও অপরাধ দমনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















