বিয়ের তিন মাসের মাথায় নালিতাবাড়ীতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় সোহাগী (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের দক্ষিণ ছালুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গত রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা। নিহত সোহাগী ওই এলাকার চা দোকানদার হাফিজুর ইসলামের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, দম্পতির বিয়ে হয়েছে প্রায় তিন মাস আগে। হঠাৎ এমন ঘটনার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। খবর পাওয়ার পর বিভিন্নজনের সঙ্গে কথা বলেও কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের বাবা সুন্দর আলী বলেন, গত ২৬ ডিসেম্বর মেয়ের বিয়ে দেওয়ার পর তারা ঢাকায় চলে যান। সোহাগীও ঢাকায় থাকতেন, তবে গ্রামের বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল যেন আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজখবর রাখা যায়। ঘটনার আগের রাতেও মেয়ের সঙ্গে তার কথা হয়েছে। কয়েকদিন আগে মেয়ের শাশুড়ির সঙ্গে আলাদা থাকার বিষয়টি শুনেছিলেন বলেও জানান তিনি। “আমার জামাই ভালো মানুষ, কীভাবে কী হলো বুঝতে পারছি না,” বলেন তিনি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর প্রতিনিধি 





















