মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহারা ইউনিয়নে এক মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পটিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
গত ২২ আগস্ট বিকেলে ছনহারা ইউনিয়নের মুরালি ঘাট বাজার এলাকায় এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান শামীম, এসআই সমীর ভট্টাচার্য, ছনহারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আলম আলমদার, স্থানীয় ব্যক্তিত্ব আবু তাহের, মোহাম্মদ ওয়াসিম, বেলাল চৌধুরী, ডা. আবু ছৈয়দ, জাইদুল হক মেম্বার, কোরবান আলী, রফিক মেম্বার, আলী আজগর সোহেল, সোবহান সিকদার, রহিম আলমদার ও রাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি ও পথসভায় পটিয়া থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার সর্বস্তরের নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেতনতামূলক বিভিন্ন ব্যানার ও প্্যলাকার্ড প্রদর্শন করেন।
পথসভায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “মাদকের বিষয়ে পুলিশের অবস্থান স্পষ্ট ও কঠোর। মাদক ব্যবসায়ী, কারবারি কিংবা পরিবহনকারী—কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তবে শুধু পুলিশি অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পরিবারের অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।”
পটিয়া থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

স্টাফ রিপোর্টার 



















