দেশের বর্তমান প্রেক্ষাপট ও সরকারের কার্যকারিতা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
গত বুধবার (৮ এপ্রিল) এক বার্তায় তিনি জানান, বিপুল জনপ্রত্যাশা ও নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তবে গণতান্ত্রিক পরিবেশে যেখানে আলোচনার সুযোগ রয়েছে, সেখানে হুমকি-ধমকির কোনো স্থান নেই বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত আনসারী তার পর্যবেক্ষণে আরও জানান, যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, তাদের কাজ ও আচরণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা দেশের জন্য সম্পদ, কোনোভাবেই বোঝা নন। বর্তমান সময়ে জবাবদিহিতা ও দক্ষতার মাধ্যমেই জনগণের আস্থার প্রতিদান দিতে হবে।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে ফেরা আজকের বাংলাদেশে যেখানে আলোচনার পথ প্রশস্ত, সেখানে হুমকি-ধমকি অনাহূত। শান্তি, স্থিতি, মানবিক মর্যাদা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই এখনকার মূল অগ্রাধিকার হওয়া উচিত।’ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আন্দোলনের মাঠের চেয়ে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পড়ার টেবিলই হোক শিক্ষার্থীদের মূল গন্তব্য।
সবশেষে তিনি যোগ করেন, এই পর্যবেক্ষণগুলো বাংলাদেশে আসার পর তার একান্তই ব্যক্তিগত চিন্তার প্রতিফলন।

ডিজিটাল ডেস্ক 





















