হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।
আজ রোববার (২৯ মার্চ) বিমানবন্দরের গোয়েন্দা সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
গোয়েন্দা সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালিয়ে মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান গোয়েন্দা সূত্র।

ডিজিটাল ডেস্ক 



















