প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল’ রয়েছে। যেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং আরও বাড়বে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ট্রেনিং দিতে পারবেন। কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল। তার মাধ্যমে শুধুমাত্র শিক্ষকদের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তারা আরও ক্ষমতায়িত হবেন।
সবচেয়ে বেশি গুরুত্বরোপ করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বাড়ানো ও তাদের সুযোগ-সুবিধার দিকে নজর দেয়া। এর মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে শিক্ষকদের শুধু মর্যাদাই বৃদ্ধি পাবে না, তারা অর্থনৈতিকভাবেও আরও ক্ষমতায়িত হবেন।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

ডিজিটাল ডেস্ক 





















