নেত্রকোনার মদন পৌর সদরে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। সমাজসেবক ও বিগত পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের নিজ অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়।
গত মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে পৌর সদরের জাহাঙ্গীরপুর কোটবিল্ডিং সংলগ্ন পুরাতন সিলেট বাসস্ট্যান্ডে এ বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক ও সর্বস্তরের কৃষকদের হাতে বীজ তুলে দেওয়া হয়।
আয়োজন প্রসঙ্গে মেয়র পদপ্রার্থী ও মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ এনামুল হক জানান, কৃপাধন্য কৃষি ও কৃষকের কল্যাণেই দেশের অগ্রগতি নির্ভর করে। তাই বর্তমান সময়ে কৃষকদের উৎসাহিত করতেই নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে এই ক্ষুদ্র প্রয়াস।
উক্ত বীজ বিতরণ কর্মসূচিতে নেত্রকোনা জেলা যুবদলের সদস্য মোঃ এনামুল হকের সাথে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও এতে অংশ নেন একাধিক গণমাধ্যমকর্মী—দৈনিক ইনকিলাব-এর মদন উপজেলা প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন বাবুল, দৈনিক আজকের আলোকিত সকাল-এর মদন প্রতিনিধি মোঃ আলম খান, মাসিক কালের নতুন সংবাদ-এর প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ খান এবং বাংলাদেশ প্রেস ক্লাব মদন উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 



















