নেত্রকোনার পূর্বধলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আরিয়া ইসলাম লামিয়া, ফাতেমা আজাদ ডালিয়া ও কুলসুম আক্তার।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের মর্যাদা পেয়েছেন মো. বদরুজ্জামান ও মোহাম্মদ শফিকুজ্জামান। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে পূর্বধলা সরকারি কলেজ এবং কারিগরি পর্যায়ে ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
এছাড়াও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নিলয় চক্রবর্তী, মো. ওমর ফারুক, ইকবাল আহমেদ ও আনোয়ার আহাম্মদকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেরাত, হামদ-নাত, রচনা, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেখানে জারিগানে জান্নাতুল মাওয়া ও মুরসালিন এবং লোক নৃত্যে রাইসা হক হিমু ও মম বণিক মন্দিরা বিশেষ সাফল্য প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী বক্তব্যে অতিথিরা বিজয়ীদের আগামীতে আরও বড় পরিসরে সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান জানান।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) 



















