রাজশাহীর তানোরে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
উপজেলার তানোর বাজারের কুঠিপাড়া রোডে অবস্থিত বরেন্দ্র ভবনে এ ঘটনা ঘটে। ভবনের চতুর্থ তলায় মিজানুর রহমানের মালিকানাধীন বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের সার্ভার ও কন্ট্রোল রুম রয়েছে।
আটক মেহেদী হাসান উপজেলার কুঠিপাড়া গ্রামের খাজেম আলী ছেলে। ওই তরুণের রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে অফিস বন্ধ থাকার সুযোগে ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন মেহেদী। পরে তিনি ভবনের চারতলায় অবস্থিত বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের সার্ভার রুম ও কন্ট্রোল রুমে ঢুকে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ভাঙচুর করেন।
ঘটনাটি টের পেয়ে পথচারীরা পুলিশে খবর দিলে তানোর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। আটক হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ করেন এবং নিজেকে রক্ষার জন্য পাগলের ভান করেন। এ সময় তিনি ছাদ থেকে একটি এসি ফেলে দেন এবং ইট ছুড়ে জনতার ওপর হামলার চেষ্টা করেন বলেও জানা গেছে।
ভাঙচুরের আগে সার্ভার কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন মেহেদী। এ সময় তার কাছে হাতুড়ি, বড় হাঁসুয়া, প্লাসসহ দেশীয় অস্ত্র ছিল। তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। জনতার হাতে আটক হওয়ার সময়ই তিনি আহত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়নি। তবে তিনি একজন মৎস্য ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


















