প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তিনি বলেছেন, নির্বাচন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায় বা আন্তর্জাতিক মানদণ্ডে যা বোঝায়, আমরা তেমন নির্বাচনই দেখাতে চাই।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ মনিটর করা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেরপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, শেরপুর বর্ডারিং এলাকা। সেখানে আর্মিকে সীমান্ত থেকে কিছুটা দূরে থাকতে হয়। এজন্য আমরা সেখানে বিজিবি মোতায়েন বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি। পাশাপাশি র্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামের দুটি আসনের ফল নিয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, এটি আদালতের সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন)। আদালত যখন যে সিদ্ধান্ত দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এটি আমাদের নিয়ন্ত্রণে নেই।
একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ সদস্যের বক্তব্য ও এ সংক্রান্ত মামলা প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আজকের ভোটের সঙ্গে প্রাসঙ্গিক নয়। এছাড়া বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।
বিগত সরকারের আমলের চিঠি ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, এ বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।
তিনি বলেন, আইন-কানুন ও নতুন অধ্যাদেশ পাসের বিষয় রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সরকারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

ডিজিটাল রিপোর্ট 



















