জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে আমরা বলেছিলাম কোনো সুনির্দিষ্ট দলের বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চাই। কিন্তু সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি।’
নির্বাচনী ফলাফল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, সবকিছু এখন দিনের আলোর মতো স্পষ্ট এবং এর বিচার জনতার আদালতেই হবে। সংসদের আসন সংখ্যা বা বিরোধী দলের পদমর্যাদার চেয়ে জনগণের অধিকার রক্ষা করাকেই বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার এবং সস্তা কোনো সুযোগ-সুবিধা আমাদের আদর্শ থেকে টলাতে পারবে না।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যুবসমাজের ভূমিকার কথা স্মরণ করে জামায়াতের আমির বলেন, তরুণরা স্বজনপ্রীতি ও ব্যক্তিপ্রীতির ঊর্ধ্বে উঠে সুবিচার চায়। জামায়াত সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করার ওপর গুরুত্বারোপ করে তিনি সতর্ক করেন যে, এটি সম্ভব না হলে জাতির সামনে আরও কঠিন সময় আসতে পারে। তিনি স্পষ্ট করেন যে, জামায়াত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বরং মানুষের জন্য রাজনীতিতে বিশ্বাস করে।
ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের ভেতরে তাঁরা জনগণের অধিকারের পক্ষে কথা বলবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি জনগণের অধিকার হরণের যেকোনো চেষ্টায় তীব্র প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। ইফতার মাহফিলে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

ডিজিটাল রিপোর্ট 
























