উৎসবমুখর পরিবেশ ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। গত গতকাল ০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে কাটাখালি ফুটবল একাডেমি ১-০ গোলে সেনবাগ সবুজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মীরগঞ্জ ন্যাশনাল ইয়ুথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবু সাঈদ চাঁদ।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব এস. এম. সালাউদ্দীন আহম্মেদ শামীম সরকার।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. হেলাল উদ্দীন রিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মো. জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফখরুল হাসান বাবলু, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, বাঘা পৌর বিএনপির নেতা মো. তফিকুল ইসলাম তফি, চারঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালেক আদিল, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সালেহ আহমেদ সালাম, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ এবং বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফি সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মো. নাজমুল হক।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবু সাঈদ চাঁদ বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় দেশের তরুণ সমাজ ও ক্রীড়াঙ্গনকে ভালোবাসতেন। আজকের এই জমজমাট আয়োজন তারই স্মৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা। আমি আশা করি, বাঘা ও চারঘাটের যুবসমাজ খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।”
সভাপতির বক্তব্যে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. হেলাল উদ্দীন রিয়াল বলেন, “মীরগঞ্জ ন্যাশনাল ইয়ুথ ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আজকের খেলায় উভয় দলই অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়। এই টুর্নামেন্ট সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আয়োজক থেকে শুরু করে স্থানীয় সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
এছাড়া টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী মিল্টন এবং সহকারী শিক্ষক মোহাম্মদ ছালেনুর ও মাহবুবুর রহমান বুলবুল।
খেলা শেষে বিজয়ী দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিরা। টানটান উত্তেজনার এই ফাইনাল খেলা উপভোগ করতে এলাকার শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















