চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মো. সহুবুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিসি। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কলকলিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া সহুবুল ইসলাম কলকলিয়া গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের একটি বড় চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন সহুবুল ইসলাম। এই তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সিপিসির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

স্টাফ রিপোর্টার 












