গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চ থেকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেছেন, গণদাবি আদায় না করে তাঁরা রাজপথ থেকে ঘরে ফিরবেন না। উত্তর জনপদ থেকে যে জাগরণ শুরু হয়েছে, তা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে গাজীপুরের ভোগড়া মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, “আন্দোলনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় কর্মসূচিতে আজ ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে শহীদ আবু সাঈদের স্মৃতিধন্য রংপুরের দিকে যাত্রা শুরু হয়েছে। আজ বাংলার উত্তর জনপদ অধিকার আদায়ের লক্ষ্যে জাগ্রত হয়েছে। এই জাগরণ উত্তর জনপদ থেকে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।”
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, “জনগণের ভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের আর কোনো বিকল্প পথ নেই। আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল স্পষ্ট ভাষায় বলে দিতে চায়, বাংলাদেশের মানুষের ভাগ্য ইনশাআল্লাহ তারা নিজেরাই নিজেদের হাতে তুলে নেবে। বিদেশি অপশক্তির কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না, ইনশাআল্লাহ।”
গুম ও খুনের বিচার দাবি করে তিনি আরও বলেন, “শহীদ শরীফ ওসমান হাদি, দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদেরকে গুম, খুন ও হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।”
হত্যাকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আল্লামা মামুনুল হক বলেন, “হত্যাকারীদের যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে এ দেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবার চেষ্টা করছে, আমরা তাদের উদ্দেশে আজকের এই লংমার্চ থেকে স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই—আন্দোলন-সংগ্রামের মাঠে থেকেই এই অপচেষ্টা প্রতিহত করা হবে।”

স্টাফ রিপোর্টার 


















