নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চকপাড়া গ্রামে জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২২ মার্চ) সকালে নিজ শয়নকক্ষ থেকে তাজুল ইসলাম খানের ছেলে জাহাঙ্গীরের নিথর দেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে জাহাঙ্গীরকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আল আমিনের সহায়তায় পূর্বধলা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মাঝেমধ্যেই মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ থাকতেন। তাঁর স্ত্রী বর্তমানে জীবিকার প্রয়োজনে ঢাকায় গৃহকর্মীর কাজ করছেন। জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হারাধন সূত্রধর,পূর্বধলা (নেত্রকোনা) 


















