নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে শোভাযাত্রা আয়োজনের চেষ্টার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার (১১ মার্চ) ভোরে রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে পল্টন থানার পুলিশ তাকে হেফাজতে নেয়।
মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অধ্যাপক জামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কর্মসূচি পালনের প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।
পুলিশের তদন্তে উঠে এসেছে, অধ্যাপক জামাল উদ্দীন ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামে একটি শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনা করছিলেন। আগামী ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত ঢাকা থেকে টুঙ্গিপাড়া অভিমুখে এই কর্মসূচি পালনের জন্য তিনি সরকারের বিভিন্ন দপ্তরে অনুমতির আবেদনও করেন। এছাড়া কর্মসূচির পক্ষে জনমত গড়তে তিনি লিফলেট তৈরি করে প্রচারণা চালাচ্ছিলেন।
প্রচলিত আইন অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের হয়ে প্রচার চালানো বা কোনো ধরনের শোভাযাত্রা আয়োজন করা দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। এই আইনি কাঠামোর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। অধ্যাপক জামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
উল্লেখ্য যে, এর আগেও গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থানকালে তিনি হেনস্তা ও মারধরের শিকার হয়েছিলেন। সর্বশেষ রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জেরে এবার তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হলো।

ডিজিটাল রিপোর্ট 

























