বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।রবিবার (১২ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকারের সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক হোসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম. এ. মান্নান ও আহামদ আলী সরকার। আরও বক্তব্য দেন চিকিৎসক ডা. অনামিকা শ্যামা, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী তাহমিনা ইয়াসমিন, সাইয়েদা আক্তার এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাঈন বিল্লাহ আল আমিরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি জনসংখ্যা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার ও সম্মাননা প্রাপ্তদের তালিকা:
শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: নয়ন মনি (গোহালাকান্দা ইউনিয়ন)
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মোস্তাঈন বিল্লাহ আল আমিরী (গোহালাকান্দা ইউনিয়ন)
বিশেষ স্বীকৃতি: সাইয়েদা আক্তার (সদর ইউনিয়ন)
শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: গোহালাকান্দা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 





















