শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী-গাজীরখামার সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। শনিবার (১১ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন এবং ভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থা সচল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মো: শাকিল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী এবং কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের জানান, সড়ক ও জনপদ রক্ষায় ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রায় ৫০০টি জিওব্যাগ ফেলে জরুরি সংস্কার কাজ শুরু করা হবে। এছাড়া নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংযোগ খাল খনন এবং বন্ধ হয়ে থাকা কালভার্টগুলো খুলে দেওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি রক্ষায় সাময়িক বা আপদকালীন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি একটি স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। মধ্য ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সড়কটির টেকসই সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে নদীভাঙনের কারণে সৃষ্ট জনদুর্ভোগ কমিয়ে ওই এলাকায় একটি নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়।

স্টাফ রিপোর্টার 



















