যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এক নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এই আয়োজনে জোটভুক্ত অধিকাংশ দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, সরকার গঠনের প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও জোটের সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে।
বিএনপি সূত্র বলছে, যুগপৎ আন্দোলনের সময় যারা রাজপথে দলটির পাশে ছিল, তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই নৈশভোজের মূল উদ্দেশ্য।
বিএনপির আমন্ত্রণে নৈশভোজে অংশ নিচ্ছেন যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দলের শীর্ষ নেতারা। এর মধ্যে রয়েছে, ১২ দলীয় জোটের নেতারা; জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধিরা; গণতন্ত্র মঞ্চের নেতারা; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; গণঅধিকার পরিষদ; বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টসহ (এনডিএম) অন্য কয়েকটি শরিক দল।
তবে একসময় বিএনপির দুই গুরুত্বপূর্ণ মিত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এতে অংশ নিচ্ছে না।

ডিজিটাল রিপোর্ট 
























