চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাদুরতলা এলাকার ভিকুর স্ত্রী হাসিনা বেগম (৫২), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং আশার মেয়ে মিম আক্তার (১৩)।
পুলিশ জানায়, সকালে হাসিনা বেগম একটি লোহার মই বেয়ে বাড়ির ছাদে উঠছিলেন। এ সময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা মইয়ের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আশা খাতুন ও তার মেয়ে মিম আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বারোঘরিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজিটাল রিপোর্ট 
























