ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহযোগিতায় আয়োজিত এ কনসার্ট শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না।
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়োজকদের ভাষ্য, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উদ্যাপনেরও একটি প্রয়াস।
একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেকে। এ আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডিজিটাল রিপোর্ট 
























