মাগুরার বহু আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।আজ সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্মম ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ শিশুটি শেষনিঃশ্বাস ত্যাগ করে।
ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। তদন্ত শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ২০২৫ সালের ১৭ মে প্রধান আসামি হিটলার ওরফে হিটু শেখকে (শিশুটির বোনের শ্বশুর) মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি—শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।
পরবর্তীতে নিয়ম অনুযায়ী বিচারিক আদালত থেকে মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামি হিটু শেখও খালাস চেয়ে আপিল দায়ের করেন।
আইনি প্রক্রিয়া শেষে গত ২৫ আগস্ট ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। চূড়ান্ত শুনানি শেষে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশই বহাল রাখার সিদ্ধান্ত জানান উচ্চ আদালত।

স্টাফ রিপোর্টার 

















