মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ৮টায় মাদারীপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী। এ সময় তিনি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছদের পরিচ্ছন্নতা (টার্নআউট) মূল্যায়ন করেন। মূল্যায়নের ভিত্তিতে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন তিনি।
প্যারেড পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের।প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সামষ্টিক বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব এবং সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি মাদারীপুর জেলা পুলিশের সব সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর প্রতিনিধি 


















