নাগরিক সেবা সহজীকরণ, সেবা প্রত্যাশী নাগরিক ও সেবা প্রদানকারী কর্মকর্তাদের মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শোনেন। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি।
গণশুনানিতে জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।এছাড়া, অসুস্থ ও দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের চিকিৎসা সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
অন্যদিকে, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-৭৭)-এর নির্বাচন ২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসনের এসব উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণ, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

হবিগঞ্জ প্রতিনিধি 


















