সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী চারটি স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা মূল্যের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবির অধীন দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা, তাহিরপুর উপজেলার লাউরগড় ও ট্যাকেরঘাট এবং মধ্যনগর উপজেলার মাটিরাবন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযান থেকে বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।
সুনামগঞ্জ জেলার সঙ্গে ভারতের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্তের ১৯টি বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখেন। চোরাকারবারিরা যেন সীমান্তের ওপারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে এবং বিভিন্ন ধরনের মাদক ও ভারতীয় অবৈধ পণ্য দেশের ভেতরে আনতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। জব্দকৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি 


















