গাজীপুরে চলমান গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক নিহত বা আহত হওয়ার খবরটিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মনগড়া গুজব’ বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। সম্প্রতি গাজীপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার কালিয়াকৈরসহ বিভিন্ন স্থানে (মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনরত সাধারণ শ্রমিকদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যেন সহিংসতা, ভাঙচুর এবং রাষ্ট্র ও জনগণের জানমালের কোনো ক্ষতিসাধন করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ অত্যন্ত সংযমী, ধৈর্যশীল ও আইনানুগভাবে দায়িত্ব পালন করছে। আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো সংঘাত না জড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ।
জেলা পুলিশ আরও উল্লেখ করে, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের খেপিয়ে তোলার উদ্দেশ্যে পুলিশের গুলিতে শ্রমিক ও ছাত্র নিহত বা আহত হওয়ার গুজব ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের কোনো গুলি বর্ষণের ঘটনা ঘটেনি এবং এতে কেউ হতাহতও হয়নি।
এমতাবস্থায় আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে একটি মজুরি বোর্ড গঠন করেছে।
তাই কোনো দুষ্কৃতকারীর প্ররোচনা বা উসকানিতে প্ররোচিত হয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও সহিংস কাজ থেকে বিরত থেকে শ্রমিকদের নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

স্টাফ রিপোর্টার 

















