‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে নেত্রকোণা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারু ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও(মনিজা খাতুন এবং চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাসসহ অন্যান্য অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 

















