চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাইমদ ও একটি অটোরিকশাসহ মো. জাহিদ হাসান সিফাত (২১) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বহমতপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটক জাহিদ হাসান সিফাত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের মো. দুরুল হুদার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৩৫ লিটার চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্টাফ রিপোর্টার 













