ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে চার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর থানাধীন গৌরীপুর বলাকা উদ্যান এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।দণ্ডপ্রাপ্ত রাকিব ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরীপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গৌরীপুর বলাকা উদ্যান এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি দল। এ সময় টাপেন্টাডল সেবনরত অবস্থায় রাকিব ইসলামকে আটক করা হয় এবং তার তল্লাশি চালিয়ে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত রাকিব ইসলামকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















