দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।গত রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর্জা মনোয়ার হোসেনের তত্ত্বাবধান ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদূর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হৃদয় রায় ও কোষাধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু ও এডিস মশক নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সফল যুব সংগঠন ও আত্মকর্মসংস্থানকারীদের মাঝে পুরস্কার এবং ঋণের চেক বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার 


















