নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৭ নং আগীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয়দের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করা সমাজসেবক মোঃ এরশাদ খাঁনকে ঘিরে গ্রামবাসীর মাঝে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা ও সমর্থন।
গত২০২১সালে ইউপি নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে জয় বঞ্চিত হলেও দামে যাননি তিনি। পরাজিত হওয়ার পরও গত কয়েক বছর ধরে ওয়ার্ডবাসীর পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে গেছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর এই অকৃত্রিম দায়বদ্ধতা ও ভালবাসার কারণেই এবার পুরো ৭ নং ওয়ার্ডের নানা পেশার মানুষ তাকে ঘিরেই আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। স্থানীয়দের জোরালো দাবির মুখে তিনি আসন্ন নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক পদ পদবির বাইরে থেকেও মোঃ এরশাদ খাঁন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মৌলিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। গ্রামের অসচ্ছল ও সাধারণ মানুষদের জন্ম নিবন্ধন সংশোধন ও তৈরি, বয়স্ক ভাতা, বিধবা ভাতার সুযোগ-সুবিধা প্রাপ্তিতে তিনি সার্বিক স্বেচ্ছাসেবামূলক সহযোগিতা দিয়ে আসছেন। এছাড়া এলাকার নতুন ভোটার হতে ইচ্ছুক তরুণদের নিবন্ধন প্রক্রিয়াতেও তিনি প্রতিনিয়ত সহায়তা করে চলেছেন।
শুধু দাপ্তরিক কাজই নয়, ওয়ার্ডের যাতায়াত ব্যবস্থার সুরাহা করতেও তাকে দেখা গেছে সামনের সারিতে। সরকারি অনুদানের অপেক্ষায় না থেকে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে গ্রামের অবহেলিত কাঁচা রাস্তাঘাট মেরামত ও চলাচলের উপযোগী করতে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে অবদান রেখেছেন তিনি।
এলাকাবাসীর মতে, গত২০২১সালে নির্বাচনে সামান্য ভোটের জন্য তিনি বিজয়ী হতে না পারলেও এলাকার মানুষের সেবা করা থেকে এক মুহূর্তের জন্যও পিছপা হননি। তাই এবার দল-মত নির্বিশেষে ওয়ার্ডের গণমানুষের ভালোবাসায় তিনি এগিয়ে যাচ্ছেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ এরশাদ খাঁন জানান, “আমি পদের জন্য নয়, এলাকার মানুষের ভালোবাসার টানে রাজনীতি ও সমাজসেবা করি। গত নির্বাচনে জনগণের বিপুল ভোট পেলেও সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলাম। তবে এরপরও এক দিনের জন্য ওয়ার্ডবাসীর পাশ থেকে সরে যাইনি। এবার পুরো ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে পুনরায় নির্বাচন করার জন্য সর্বাত্মক উৎসাহ ও সমর্থন দিচ্ছেন। জনগণের এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি প্রতিজ্ঞা করছি—একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ‘স্মার্ট ওয়ার্ড’ উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”
৭ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের প্রত্যাশা, এবার জনগণের বিপুল সাড়া ও আস্থার প্রতিফলনে মোঃ এরশাদ খাঁনকে তারা প্রতিনিধি হিসেবে বেছে নেবেন এবং একটি উন্নত ও মডেল ওয়ার্ড গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হারাধন সূত্রধন: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 




















