নেত্রকোণার পূর্বধলায় রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন ফুটবল ফাইনাল খেলা দেখছেন।
পরদিন সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় এক বাসিন্দা নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া এসে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।পারিবারিক সূত্র জানায়: আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ ছাড়া তিনি চোখেও বেশ কম দেখতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রাতে বৃষ্টি ও অন্ধকারের মধ্যে চলাচলের সময় চোখে কম দেখার কারণে পা পিছলে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
(ওসি)মোহাম্মদ আব্দুল আল মামুন, আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হারাধন সূত্রধর; পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 
























