প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন এবং নেত্রকোনা জেলা বন সম্প্রসারণ কেন্দ্র ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৫০০টি চারা শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে( ইউএনও)মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।” এরই অংশ হিসেবে পূর্বধলায় প্রথম ধাপে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ৫০০টি চারা বিতরণ করা হবে বলে তিনি জানান।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 
















