খুলনার বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত ও বকেয়া আদায়ে কঠোর অবস্থানের অংশ হিসেবে গত ২৫ নভেম্বর বুধবার এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে বকেয়া বিল পরিশোধ না করায় কয়েকটি বিদ্যুৎ মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি যেসব গ্রাহকের বিল বকেয়া রয়েছে, তাদের সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে বিল পরিশোধের নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে।
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে বকেয়া বিল আদায় এবং গ্রাহকদের সচেতন করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের আরও দায়িত্বশীল করা, বকেয়ার পরিমাণ কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে গতিশীল ও সুশৃঙ্খল রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানসংশ্লিষ্টরা গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি যথাসময়ে বিল পরিশোধ করা প্রত্যেকের দায়িত্ব। মাসের পর মাস বিল বকেয়া রাখলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করে সংযোগ সচল রাখার পাশাপাশি সুশৃঙ্খল বিদ্যুৎ ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















