পিরোজপুরে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধা দেওয়া এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের যৌথ উদ্যোগে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার ১২টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজার উপজেলা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এবং মুক্তিযোদ্ধা সন্তান মো. সোহেল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি স্বাধীন দেশ গড়তে ১৯৭১ সালে সব ধর্মের মানুষ একযোগে মুক্তিযুদ্ধে অংশ নেন। দীর্ঘ নয় মাস মরণপণ লড়াই, ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের এই বাংলাদেশে আজ যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, তখন প্রশ্ন জাগে—স্বাধীনতার ৫০ বছর পার করেও আমরা কি আবার সেই স্বাধীনতা হারাতে বসেছি?”
বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন কাজে বাধা প্রদানকারী এবং মুক্তিযোদ্ধাদের অপমানকারী জামায়াত-শিবির কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সুনামগঞ্জ প্রতিনিধি 


















