পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে নেত্রকোনার মদনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (PARTNER)-এর আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
গত বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মদন উপজেলার উদ্যোগে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নেত্রকোনার উপপরিচালক রাকিবুল হাসান। তিনি বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুুদুর রহমান মিজান উপজেলার কৃষি খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, পার্টনার কংগ্রেসের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হোসেন শামীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পুষ্টিভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হুসাইন, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা ডা. মো. মাহবুব আলম এবং ৮নং ইউপি চেয়ারম্যান মো. সামিউল হায়দার শফি।
এছাড়াও মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির টেকসই বিকাশে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

হারাধন সূত্রধর: (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 





















