“সবাই মিলে বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর মাদ্রাসা বাজারে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দুয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী
অফিসার সানজিদা চৌধুরী
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, যুবসমাজ যেন মাদক ও জুয়ার মতো ধ্বংসাত্মক অপরাধে না জড়ায়, সেজন্য পিতা-মাতা—বিশেষ করে মায়েদের দৃঢ় ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করা এবং শৈশব থেকেই নৈতিক শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় তিনি স্পষ্ট বার্তা দেন যে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা তাদের এলাকাগত বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন। অতিথিরা স্থানীয়দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বস্ত করেন। পরিশেষে, একটি নিরাপদ, সুন্দর ও শৃঙ্খলিত সমাজ গঠনের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















