নেত্রকোনার পূর্বধলায় ‘জাতীয় দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে গত মঙ্গলবার (১০ মার্চ) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও উদ্ধার মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান ও পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা ও তরুণদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সবশেষে ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে উপস্থিত সবার সামনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) 




















