সকালে ঘুম ভাঙার পর থেকেই ধোঁয়াশাচ্ছন্ন আকাশে ঢাকাজুড়ে দেখা গেছে দূষণের ঘন আবরণ। রোদের উপস্থিতি থাকলেও বাতাসে ভাসমান ধূলিকণা ও দূষণের কারণে নগরবাসীর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসেও ভোগান্তি তৈরি হয়েছে।
বিশ্বব্যাপী বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, রোববার (৯ মে) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষ তিনে উঠে এসেছে ঢাকা।
সকালের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৫৮। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এ মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকায় ২১১ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত গ্রহণযোগ্য হলেও ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানীর বায়ুদূষণ বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরাও প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, আজ বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় ৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ঢাকার বায়ুমান উন্নয়নে পরিবেশ আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ধূলিকণা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।

ডিজিটাল রিপোর্ট 


















