নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই)পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ঈদগাহ মাঠে ‘মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,”ফকির হারুন আল হেলাল ছিলেন একনিষ্ঠ, সাহসী ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষ করে শ্যামগঞ্জের ছাত্র রাজনীতিতে তাঁর অবদান আজও নেতাকর্মীদের কাছে অনুকরণীয়। তাঁর রাজনৈতিক আদর্শ ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
এ সময় শ্যামগঞ্জের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি শ্যামগঞ্জ বাইপাস সড়ক নির্মাণ, রেলওয়ের ময়লা ফেলার মাঠে একটি বিনোদন পার্ক স্থাপন ও বিভিন্ন সড়ক ঢালাইসহ এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।
অন্যান্য বক্তাদের বক্তব্য ও উপস্থিতি
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আলহাজ বাবুল আলম তালুকদার (সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পূর্বধলা উপজেলা বিএনপি)
আলহাজ আব্দুর রহিম (সদস্য, নেত্রকোণা জেলা বিএনপি)
হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, আব্দুল গফুর, আতিকুর রহমান রনক, রুহুল আমিন ফকির, আবুল হাসনাত বেপারী এবং সালাহ উদ্দিন আহমেদ নওয়াব (যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপজেলা বিএনপি)
এছাড়াও গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ আব্দুর রহমান বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছোবাহান সুলতান, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এম. নূর হাদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব এবং সাবেক সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের আহ্বায়ক ও হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি মো. আনোয়ারুল কাদির দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১নং গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠান শেষে মরহুম ফকির হারুন আল হেলালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

হারাধন সূত্রধর :পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 









