বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়।
প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি); চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি); র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব); পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন পুলিশ রেঞ্জে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। পাশাপাশি ফরেনসিক ল্যাবরেটরি ও আধুনিক পুলিশিং বিষয়ে মালয়েশিয়া, পাকিস্তান এবং তুরস্কসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ডিজিটাল রিপোর্ট 





















