ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা ও দৈনন্দিন সমস্যা নিয়ে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
কাজের ব্যস্ততা ও পেশাগত নানা চাপের মধ্যে রেঞ্জ ডিআইজির সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভাকে ঘিরে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ, দৈনন্দিন নানা সমস্যা, সুযোগ-সুবিধা এবং সার্বিক কল্যাণ সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্ববোধ আরও জোরদার করার তাগিদ দেন। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন,
“পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের উৎসাহ বজায় রাখতে সুস্থ কর্মপরিবেশ এবং পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধার বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে।”
এ সময় তিনি যেকোনো যৌক্তিক সমস্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করার জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান।সভায় পেশাগত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সেবামূলক মানসিকতা নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা এই বিশেষ কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজির সরাসরি অংশগ্রহণকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যা ও চাওয়া-পাওয়াগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কার্যকরভাবে পৌঁছাবে এবং পুলিশের সার্বিক কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।

স্টাফ রিপোর্টার 


















